ওয়ানবাংলানিউজ: দক্ষিণ এশিয়ার বাইরে সবচেয়ে বড় বাংলা বর্ষবরণ উৎসব বৈশাখী মেলা এবার অনুষ্ঠিত হয়েছে ৩০ জুন রবিবার পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে। টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এবারের মেলায় আগত হাজার হাজার দর্শক শ্রোতাকে মাতাতে বাংলাদেশ থেকে আসেন জনপ্রিয় তিন শিল্পী ইমরান, লাভলি দেব ও বেলি আফরোজ।
বেথনাল গ্রীণের উইভার্স ফিল্ডের মূল মঞ্চে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার পাশাপাশি ছিলো বাউল সংঙ্গীত, কবিতা পাঠের আসর, ক্যারাম, দাবী খেলাসহ বাচ্চাদের জন্য বিশেষ বিনোদন। তাছাড়া রকমারি পণ্য ও খাবার দাবারের স্টল।
তবে গত বছরের মতো এবারো কাউন্সিল কর্তৃপক্ষের প্রচার প্রচারনার অভাবে প্রত্যাশিত লোক সমাগম ঘটেনি। মেলা আসা অনেকেই বলেছেন তারা অনেকের লাইভ ফেইসবুকে দেখে মেলায় এসেছেন। তবে কাউন্সিল কর্তৃপক্ষ বলেছেন, অনলাইন প্রচারনার উপর গুরুত্ব দিয়েছে তারা।
ব্যবসায়ীরা জানিয়েছেন অতীতের যেকোন সময়ের চেয়ে এবার ব্যবসা কম হয়েছে তাদের। এর জন্য প্রচারনাকে দায়ী করেছেন তারা।
এদিকে বাংলাদেশী শিল্পীদের পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী শিল্পীরা। ছিলেন সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের হার্টথ্রব শিল্পী, আরবান রাইজিং স্টার নিশসহ স্থানীয় শিল্পী আলাউর রহমান, হাসি রানি, আমির মোহাম্মদ ও সুজানা আনসার। মঞ্চ উপস্থাপনায় ছিলেন রনি মির্জা ও বিবিসি এশিয়ান নেটওয়ার্কের নাদিয়া আলী।
মেলায় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি রোশনারা আলী, লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জুলকারনাইন, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি স্পিকার আহবাব হোসেইন, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলামসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধিকাংশ কাউন্সিলার, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য রেলির মাধ্যমে মেলা শুরু হয় বেলা ১২টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে রেলি গিয়ে মিশে ওয়েভার্স ফিল্ডে। এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
লন্ডনের স্থানীয় কিছু সংগঠন মূল মঞ্চের বাইরে আলাদা ভাবে করেছে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনগুলোর ক্ষুদ্র প্রচেষ্টায় ছিল বাঙালি সংস্কৃতির অকৃত্তিম ছুঁয়া। ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশন বিশাল আকারের একটি দাবা সেট সামনে রেখে সাজিয়েছিলো তাদের স্টল। বসেছিলো খাবারসহ রকমারি পণ্যের দোকান।















