যাত্রীবাহী বাস ছিনতাই করে গাড়িতে হা*মলা

32

 

সাইফ হাসান: যুক্তরাজ্যের শ্রপশায়ারে বাস চালকের ওপর হা*মলা চালিয়ে একটি সিঙ্গেল ডেকার বাস চু*রি করার ঘটনা ঘটেছে। চালককে মারধর করে এক ব্যক্তি নিয়ন্ত্রণ নিয়ে উল্টো পথে বাস চালিয়ে একাধিক পার্ক করা গাড়িতে আ*ঘাত হানে। পুরো ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা প্রাণভয়ে চিৎকার করতে থাকেন। পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে।

যুক্তরাজ্যের শ্রপশায়ারের টেলফোর্ডের মেডলি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোর্ট স্ট্রিট এলাকায় অস্ত্রধারী পুলিশ সদস্যদের দ্রুত মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি চালককে আক্রমণ করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পার্ক ওয়ের দিক থেকে হাই স্ট্রিটের দিকে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চালককে মারধর করার পর ওই ব্যক্তি ভুল লেনে বাসটি চালিয়ে নিয়ে যায় এবং রাস্তায় থাকা একাধিক ব্যক্তিগত গাড়িতে সজোরে ধাক্কা মারে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন এবং পথচারীদের সরে যাওয়ার জন্য সতর্ক করছিলেন। বাসের চালক সামান্য আঘাত পাওয়ায় প্যারামেডিকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। সৌভাগ্যবশত অন্য কোনো যাত্রী গুরুতর আহত হননি।

টেলফোর্ডের পুলিশ সুপারিনটেনডেন্ট এডওয়ার্ড হ্যানকক্স জানান, খবর পাওয়ার মাত্র দশ মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে। ছিনতাই এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কারো কাছে অতিরিক্ত ভিডিও ফুটেজ থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানান। পরিবহন সংস্থা আরিভার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার তদন্তে পুলিশকে সব ধরনের সহায়তা দিচ্ছে এবং ভুক্তভোগী চালকের পাশে রয়েছে।

#যুক্তরাজ্যসংবাদ #বাসদুর্ঘটনা #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews