৬০ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সামানজার

103
একজনের স্বপ্ন, এবার ছড়িয়ে পড়ছে হাজারো তরুণের হাত ধরে। সহজ কিছু স্বাস্থ্যবিধির অভ্যাসের মাধ্যমে রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ। তার ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ ক্যাম্পেইনে প্রায় ৬০ হাজার যুব স্বেচ্ছাসেবক যুক্ত করার অঙ্গীকার করেছে জাগো ফাউন্ডেশন।
বুধবার (১৯ আগস্ট) জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকশান্দ এই উদ্যোগে সংগঠনটির প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেন। স্বেচ্ছাসেবকেরা দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন।
সামানজারের প্রথম লক্ষ্য ১০ হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে ১০ লাখ মানুষের কাছে সাতটি মৌলিক স্বাস্থ্যবিধির বার্তা পৌঁছে দেওয়া। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত ও হাতের স্বাস্থ্যবিধি, খাদ্য ও মৌখিক স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত স্বাস্থ্যবিধি।
এ উদ্যোগে জাগো ফাউন্ডেশনের পাশাপাশি ম্যানুষের জন্য ফাউন্ডেশন ও তাদের ১২৫টি এনজিও অংশীদার এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ক্লাবও যুক্ত হয়েছে। গত ৭ আগস্ট আয়োজিত ফান্ডরেইজিং ডিনারে টিকিট বিক্রি ও আর্ট অকশনের মাধ্যমে প্রায় ২ লাখ টাকা সংগ্রহ করা হয়।
বর্তমানে মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামে রয়েছেন সামানজার। তবে তার টিম ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দেশে এগিয়ে চলছে ক্যাম্পেইনের কার্যক্রম। তার স্বপ্ন— স্বাস্থ্যবিধির সহজ বার্তা পৌঁছে যাক দেশের প্রতিটি পরিবারের কাছে।