যুক্তরাজ্যের মেকারফিল্ডের এমপি অ্যান্ডি বার্নহাম প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশের মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমাতে একগুচ্ছ অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দাবি, সাধারণ পরিবার ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠান বর্তমানে মূল্যস্ফীতি ও উচ্চ ব্যয়ের চাপে রয়েছে, তাই এই চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বার্নহাম জানিয়েছেন, স্থানীয় হাই স্ট্রিটের ব্যবসাগুলোকে টিকিয়ে রাখতে তাদের ওপর আরোপিত ব্যবসায়িক কর (বিজনেস রেট) কমানো হবে। পাশাপাশি পানি ও জ্বালানি খাতকে পুনরায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এনে গ্রাহকদের জন্য বিল কমানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থী ও তরুণদের জন্য বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালুরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বার্নহামের ভাষ্য, এসব পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কমবে, অন্যদিকে ছোট ব্যবসাগুলোও আর্থিকভাবে স্বস্তি পাবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের ঋণ গ্রহণসংক্রান্ত বিদ্যমান আর্থিক শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চলা হবে।















