লন্ডনে তালা মিস্ত্রিদের ভয়াবহ প্রতারণা,৪০ পাউন্ডের বদলে নিচ্ছেন হাজার হাজার পাউন্ড

37

সাইফ হাসান: লন্ডনে তালা ঠিক করার নামে সাধারণ মানুষের পকেট কাটছে একদল প্রতারক চক্র। মাত্র ৪০ পাউন্ডের বিনিময়ে কাজ করার কথা বলে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিচ্ছে তারা। বৃদ্ধ দম্পতিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তালা ভেঙে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে ২৪/৭ লকস্মিথ ইউকে নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিবিসির এক বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব রোমহর্ষক তথ্য। একটি গোপন ক্যামেরায় ধরা পড়েছে তাদের এই জালিয়াতির পুরো চিত্র।

মরিন এবং এরিক রেনল্ডস নামের এক বৃদ্ধ দম্পতি গত ডিসেম্বরে ঘরে প্রবেশের জন্য তালা মিস্ত্রির সহায়তা চেয়েছিলেন। ২৪/৭ লকস্মিথ ইউকে নামের প্রতিষ্ঠানটি তাদের কাছে মাত্র ৪৯ পাউন্ডের প্রতিশ্রুতি দিলেও কাজ শেষে ২,৮০২ পাউন্ডের বিশাল বিল ধরিয়ে দেয়। পরবর্তীতে দরজাটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তাদের আরও ২,২৪৪ পাউন্ড খরচ করে নতুন করে দরজা এবং ফ্রেম বসাতে হয়েছিল।

বিবিসি লন্ডনের একটি দল এই প্রতারণার উৎস খুঁজতে একটি খালি বাড়িতে গোপন ক্যামেরা বসিয়েছিল। সেখানে দেখা যায় তালা বিশেষজ্ঞ লয়েড মর্গান কোনো ক্ষতি ছাড়াই কয়েক সেকেন্ডে দরজাটি খুলে ফেলেন। অথচ ওই প্রতিষ্ঠানের পাঠানো মিস্ত্রি ড্রিল মেশিন দিয়ে তালা নষ্ট করে দেন এবং সামান্য বিলকে বহুগুণ বাড়িয়ে ৩৭৬ পাউন্ডের বেশি আদায় করার চেষ্টা করেন।

মাস্টার লকস্মিথ অ্যাসোসিয়েশন জানিয়েছে যে এই ধরণের ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ২০২৩ সালে ২৮০টি অভিযোগ জমা পড়লেও গত বছর তা ৪০০ ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষকে নিরাপদ থাকতে ইন্টারনেটে চটকদার বিজ্ঞাপনের বদলে স্থানীয় বিশ্বস্ত ও অনুমোদিত মিস্ত্রিদের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

#লন্ডননিউজ #প্রতারণা #সতর্কতা #aknews #onebanglanews