লন্ডনে আবাসন প্রকল্প রুখতে একজোট হলেন বিখ্যাত হলিউড তারকারা

29

সাইফ হাসান: লন্ডনের ব্ল্যাকহিথ স্টেশনের কার পার্কিং এলাকায় নতুন আবাসন তৈরির পরিকল্পনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পঁয়তাল্লিশটি নতুন বাড়ি তৈরির এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছেন ডমিনিক কুপার ও জুড ল-এর মতো বিখ্যাত তারকারা। তারা বলছেন স্থানীয়দের মতামত উপেক্ষা করে মুনাফার জন্য এই প্রজেক্ট করা হচ্ছে। কাউন্সিল আজ এই বিষয়ে চূড়ান্ত ভোট দেবে বলে জানা গেছে।

হলিউড অভিনেতা ডমিনিক কুপার এবং টিভি অভিনেত্রী সারাহ হ্যাডল্যান্ড লুইশাম কাউন্সিলের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। ডেভেলপার প্রতিষ্ঠান অ্যাকর্ন প্রপার্টি গ্রুপ এখানে ৪৫টি নতুন বাড়ি ও ফ্ল্যাট বানানোর প্রস্তাব দিয়েছে। তবে তারকারা অভিযোগ করছেন যে কর্তৃপক্ষ সাধারণ মানুষের মতামতকে বা সেই এলাকার ঐতিহ্যকে কোনো গুরুত্ব দিচ্ছে না।

শুধু এই দুজনই নন, জুড ল এবং স্যার টেরি ওয়েইটের মতো বিখ্যাত ব্যক্তিত্বরাও খোলা চিঠি দিয়ে এই প্রজেক্ট বন্ধের দাবি জানিয়েছেন। স্থানীয় স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ মিলিয়ে প্রায় এক হাজার দুইশ অভিযোগ জমা পড়েছে কাউন্সিলের কাছে। তাদের মতে এই প্রজেক্ট হলে এলাকার পরিবেশ নষ্ট হবে, আলোর অভাব দেখা দেবে এবং গাড়ি পার্কিংয়ের তীব্র সমস্যা তৈরি হবে।

ব্ল্যাকহিথে বড় হওয়া অভিনেতা কুপার বলেন, স্থানীয়রা উন্নয়নের বিপক্ষে নয়, তবে তারা চায় সবকিছু যেন ন্যায্যভাবে এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে করা হয়। অন্যদিকে ডেভেলপাররা দাবি করছে, এই প্রজেক্টে ২১ শতাংশ সাশ্রয়ী আবাসন থাকবে এবং রবিবারের বাজারের জন্যও জায়গা রাখা হবে। মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিল এই বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

#লন্ডন #হলিউড #আবাসন #aknews #onebanglanews