সাইফ হাসান: যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বা এনএইচএস-এর ওপর চাপ কমাতে সাইক্লিং খাতে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ব্রিটিশ সাইক্লিং। সংস্থাটি সরকারের কাছে ৩০ মিলিয়ন পাউন্ড সহায়তা চেয়েছে যা দিয়ে সারা দেশে আরও ২৫০টি নতুন কমিউনিটি সাইক্লিং স্পেস তৈরি করা হবে। তাদের দাবি, সাইক্লিংয়ের ফলে মানুষের হৃদরোগ ও বিষণ্নতা কমে যাওয়ায় এনএইচএস-এর প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হয়েছে। ২০২৭ সালে ট্যুর ডি ফ্রান্স যুক্তরাজ্যে আসার আগেই এই খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা তাদের।
ব্রিটিশ সাইক্লিং জানিয়েছে, ২০১৯ সালে শুরু হওয়া তাদের ‘প্লেসেস টু রাইড’ কর্মসূচিতে ইতিমধ্যে ১৫০টির বেশি সাইক্লিং সুবিধা তৈরি করা হয়েছে। উদাহরণ হিসেবে দক্ষিণ লন্ডনের সাটন বিএমএক্স ট্র্যাকের কথা বলা হয়েছে, যা মাত্র ৯ হাজার পাউন্ড অনুদান পেলেও এর সামাজিক সুফল বা সোশ্যাল ভ্যালু দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার পাউন্ডে। শরীরচর্চার পাশাপাশি এই প্রকল্প মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও বড় ভূমিকা রাখছে।
সাটন ট্র্যাকের পরিচালক পলাস গ্রাহাম জানান, সাইক্লিং শিশুদের মানসিক শক্তি ও শৃঙ্খলা শেখাতে দারুণ কাজ করে। সেখানে নিয়মিত আসা ৮ বছর বয়সী এনিডের বাবা বেন বলেন, এই খেলা তার মেয়ের মনোযোগ বাড়াতে সাহায্য করেছে এবং এলাকার মানুষকে এক সুতোয় গেঁথেছে। এনিড নিজেও জানায়, ট্র্যাকে সাইকেল চালানোর সময় তার মনে হয় সে যেন হাওয়ায় ভাসছে।
লন্ডনের হ্যাকনি, হার্ন হিল এবং ব্রিকস্টনের মতো জায়গাগুলোও এই প্রকল্পের আওতায় অর্থায়ন পেয়েছে। ব্রিটিশ সাইক্লিংয়ের এমডি ও অলিম্পিয়ান এড ক্ল্যান্সি বলেন, নতুন চালক ও শিশুদের জন্য নিরাপদ জায়গা খুব দরকার কারণ তারা সরাসরি ব্যস্ত রাস্তায় নামতে ভয় পায়। তিনি মনে করেন, সরকার যদি এখানে অর্থ বিনিয়োগ করে তবে দীর্ঘমেয়াদে তা দেশের জন্যই লাভজনক হবে।
#BritishCycling #NHS #CyclingNews #BanglaNews #aknews #onebanglanews















