সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

139

সাইফ হাসান: দীর্ঘ ২০ বছর পর সিলেটে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করলেন নির্বাচনী কার্যক্রম। বিমানবন্দর থেকে মাজার রোড পর্যন্ত হাজারো নেতাকর্মী তাকে রাজসিক সংবর্ধনা ও স্লোগানে বরণ করে নেন। স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ দলীয় শীর্ষ নেতাদের নিয়ে তিনি আগামীকাল আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন।

বুধবার রাত ৯টা ২০ মিনিটে তারেক রহমান শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন। তার সাথে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। মাজার জিয়ারত শেষে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন এবং দেশ ও জাতির জন্য দোয়া করেন।

বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ছিল মানুষের উপচে পড়া ভিড় যার ফলে ১৫ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে সোয়া এক ঘণ্টা। এ সময় উৎসুক জনতা তাকে ‘সিলেটি দামান্দ’ ও ‘দুলাভাই’ বলে স্লোগান দিয়ে আবেগঘন পরিবেশে বরণ করে নেন। ভিড় সামলাতে হিমশিম খেলেও তারেক রহমান বাসের ভেতর থেকেই হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।

শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়িতে যাবেন এবং সেখানে পারিবারিক কবর জিয়ারত ও শিরনি বিতরণ করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে তরুণদের সাথে মতবিনিময় শেষে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

#তারেক_রহমান #বিএনপি #সিলেট #রাজনীতি #নির্বাচন #aknews #onebanglanews