যুক্তরাজ্যে কর্মসংস্থান কমার সাথে পাল্লা দিয়ে কমছে বেতন বৃদ্ধির হার

148

সাইফ হাসান: যুক্তরাজ্যের শ্রমবাজারে মন্দার প্রভাব পড়তে শুরু করেছে এবং কর্মসংস্থানের সংখ্যা দ্রুত কমছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত পাঁচ বছরের মধ্যে দেশটিতে বেতন বৃদ্ধির হার এখন সবচেয়ে ধীরগতিতে চলছে। বিশেষ করে দোকান, রেস্তোরাঁ এবং হোটেল ব্যবসায় কর্মী নিয়োগের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত ডিসেম্বরে প্রায় ৪৩ হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছেন যা অর্থনীতির জন্য বেশ উদ্বেগজনক।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বা ওএনএস জানিয়েছে যে ডিসেম্বরে বেতনভুক্ত কর্মীর সংখ্যা আগের মাসের তুলনায় ৪৩ হাজার কমে ৩০.২ মিলিয়নে দাঁড়িয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর এক মাসে এত বড় পতন আর দেখা যায়নি। বর্তমানে বেকারত্বের হার ৫.১ শতাংশে স্থির থাকলেও গত বছরের তুলনায় তা বেশ বেড়েছে। নভেম্বরে এই হার ৫.৪ শতাংশে পৌঁছেছিল যা গত পাঁচ বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

চ্যান্সেলর র‍্যাচেল রিভসের নতুন বাজেট এবং কর বৃদ্ধির সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা নতুন কর্মী নিয়োগে দ্বিধায় পড়েছেন। বিশেষ করে খুচরা বিক্রেতা এবং আতিথেয়তা খাত বা হসপিটালিটি সেক্টর এর বড় ভুক্তভোগী। ইউকে হসপিটালিটির প্রধান অ্যালেন সিম্পসন জানিয়েছেন যে করের বোঝা বাড়ার কারণেই এই খাতে কর্মসংস্থান কমছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।

বেসরকারি খাতে নিয়মিত বেতন বৃদ্ধির হার কমে ৪.৫ শতাংশে নেমে এসেছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা মনে করছেন চাকরির বাজার ও মূল্যস্ফীতির এই দুর্বল অবস্থার কারণে ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার কমাতে পারে। পিডব্লিউসি-র অর্থনীতিবিদ জেক ফিনি সতর্ক করেছেন যে নীতিগত অনিশ্চয়তার কারণে তরুণরা বেকারত্বের ঝুঁকিতে বেশি পড়ছে।

#যুক্তরাজ্য #অর্থনীতি #চাকরি #aknews #onebanglanews