সাইফ হাসান: ব্রিটেনে বসবাসরত বিশিষ্ট শিখ অ্যাক্টিভিস্ট পরমজিৎ সিং পাম্মাকে হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখে অবিলম্বে তার বাসভবনে সিসি ক্যামেরা ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে জানিয়েছে যে তার জীবনের ওপর বড় ধরনের ঝুঁকি রয়েছে এবং এর পেছনে ভারতীয় সরকারের হাত থাকতে পারে বলে পাম্মা অভিযোগ করেছেন। তিনি ক্ষোভের সাথে জানান, তার মতো ভিন্নমতাবলম্বীদের ওপর এই আন্তর্জাতিক চাপ বা হুমকিকে ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে না।
৫২ বছর বয়সী পরমজিৎ সিং পাম্মা খালিস্তান আন্দোলনের একজন পরিচিত মুখ, যে আন্দোলনকে ভারত সরকার নিষিদ্ধ ও স*ন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করে। পাম্মা জানান, পুলিশ সদস্যরা তার বাড়িতে এসে তাকে মৌখিকভাবে সতর্ক করেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। কানাডায় হরদীপ সিং নিজ্জার হ*ত্যাকাণ্ড এবং আমেরিকায় পান্নুনের ওপর হ*ত্যার ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকেই ব্রিটিশ পুলিশ তার নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে।
পাম্মা অভিযোগ করেন, তার ওপর হা*মলার হুমকি অনেক আগে থেকেই আসছিল। একবার দিনের আলোতে বন্দুকধারীরা তার বাড়িতে এসে প্রতিবেশীদের হুমকি দিয়ে যায়, আবার আরেক ঘটনায় তার স্ত্রীর গাড়ির কাচ ভেঙে ফেলা হয়। এমনকি শিখ কমিউনিটির এক ব্যক্তি তাকে হ*ত্যা করার জন্য ৩ লাখ পাউন্ডের প্রস্তাব পাওয়ার কথাও তাকে জানিয়েছিলেন। বর্তমানে তিনি পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাদের থেকে আলাদা থাকছেন।
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৫ এর মতে, ব্রিটিশ মাটিতে বিদেশি সরকারের বিরোধীদের ওপর নজরদারি ও হুমকির ঘটনা ৪৮ শতাংশ বেড়েছে। পাম্মা ছাড়াও স্লাউতে বসবাসরত আরেক শিখ নেতা গুরচরণ সিংকেও পুলিশ একই ধরনের সতর্কবার্তা দিয়েছে। গুরচরণকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় প্রতিবাদ মিছিলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কারণ তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল না।
ব্রিটেন যখন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ব্যস্ত, তখন মানবাধিকার কর্মীরা বলছেন সরকার এই হুমকিগুলো উপেক্ষা করছে। যদিও হোম অফিসের মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ শিখদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে ভারতীয় হাই কমিশন বা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
#SikhActivist #UKIndia #ParamjeetSinghPamma #aknews #onebanglanews















