সাইফ হাসান: যুক্তরাজ্যের সদ্য প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাচ্ছে দেশটিতে নিট অভিবাসীর সংখ্যা করোনার আগের পরিস্থিতির মতোই অনেকটা কমে এসেছে। তবে উদ্বেগের বিষয় হলো ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় আসা মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় বেশ বেড়েছে। ঝুঁকিপূর্ণ এই যাত্রাপথে নৌকাডুবিতে অনেক মানুষ মা\রা গেছে বা নিখোঁজ হয়েছে বলেও জানা যায়। ব্রিটিশ কর্তৃপক্ষ এই ধরনের অনিয়মিত যাতায়াত ও মানবপাচারকারী অপ*রাধ চক্রগুলোকে কঠোর হাতে দমনের প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বা ওএনএস জানিয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরে নিট অভিবাসন বা জনসংখ্যা বৃদ্ধির হার ৬৯ শতাংশ কমে দুই লাখ চার হাজারে দাঁড়িয়েছে। এই সময়ে দেশটিতে প্রায় আট লাখ ৯৮ হাজার মানুষ প্রবেশ করেছে, যা আগের চেয়ে ৩১ শতাংশ কম। অন্যদিকে দেশটি ছেড়ে চলে গেছে প্রায় ছয় লাখ ৯৩ হাজার মানুষ।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার বিষয়টি। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ৩৯ হাজার ২৯২ জন মানুষ ঝুঁকিপূর্ণভাবে নৌকায় চড়ে ফ্রান্সে থেকে ব্রিটেনে প্রবেশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৬ শতাংশ বেশি এবং ২০২১ সালের পর থেকে নৌকায় গড় যাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।
বিপদসংকুল এই পথ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটছে নিয়মিত। জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালে চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৮৪ জন প্রাণ হারিয়েছেন। এদিকে গত এক বছরে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলাম সিকারের সংখ্যাও ১৩ শতাংশ বেড়ে এক লাখ ১০ হাজারে পৌঁছেছে, যাদের অনেকেই ছোট নৌকায় এসেছেন।
ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসন বা ছোট নৌকার ঢল থামাতে চোরাকারবারী চক্র বা ‘গ্যাং’দের ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে। পরিসংখ্যান বলছে, গত এক বছরে যুক্তরাজ্য থেকে জোরপূর্বক ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের হারও ১১ শতাংশ বেড়েছে, যা ৩৬ হাজারের বেশি।
#যুক্তরাজ্য #অভিবাসন #লন্ডন #ইউরোপ #প্রবাসী















