সাইফ হাসান: ইথিওপিয়ার নাগরিক হাদুশ কেবাতুকে ভুলবশত জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি এক কিশোরীর ওপর যৌ*ন হা*মলার দায়ে ১২ মাসের সাজা খাটছিলেন। এই ঘটনায় দুই দিন ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়। অবশেষে তাকে উত্তর লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই সপ্তাহেই নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
হাদুশ কেবাতু একজন ইথিওপিয়ান আশ্রয়প্রার্থী, যিনি গত ২৯ জুন একটি ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসেন। তাকে এসেক্সের ইপিং শহরের বেল হোটেলে রাখা হয়েছিল, যা অভিবাসীদের জন্য ব্যবহৃত হচ্ছিল।
গত ৭ জুলাই কেবাতু ইপিং টাউন সেন্টারে পিজ্জা খাচ্ছিল এমন এক ১৪ বছর বয়সী কিশোরীকে যৌন হয়রানিমূলক মন্তব্য করেন। পরের দিন, তিনি একজন নারীকে যৌন হয়রানি করেন এবং ঘটনাক্রমে আবার দেখা হওয়া সেই কিশোরীটির সাথেও একই কাজ করেন। সেপ্টেম্বরে তাকে ১২ মাসের কারাদণ্ড এবং ১০ বছরের জন্য যৌন অপরাধী রেজিস্টারে নাম লেখানোর আদেশ দেওয়া হয়।
কিন্তু গত ২৪ অক্টোবর তাকে এইচএমপি চেমসফোর্ড কারাগার থেকে ভুলবশত মুক্তি দেওয়া হয়। কারাগার সূত্র জানিয়েছে, তাকে নির্বাসনের জন্য একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানোর কথা ছিল। মুক্তির পর তাকে লন্ডনের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তার গতিবিধি অনুসরণ করে।
অবশেষে দুই দিনের তল্লাশি শেষে রবিবার সকালে উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী কিশোরীর বাবা বলেছেন, এই ঘটনায় তার পরিবার বিচার ব্যবস্থার ওপর ক্ষুব্ধ। স্থানীয় এমপি ম্যারি গোল্ডম্যান এই ঘটনাকে “অবিশ্বাস্য” এবং “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।
বিচার সচিব ডেভিড ল্যামি পার্লামেন্টে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর এই সপ্তাহেই কেবাতুকে নির্বাসিত করা হবে। এই ভুল কীভাবে ঘটলো তা তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে।
#গ্রেপ্তার #লন্ডন #এসেক্স #কারাগার #নির্বাসন















