হৃদযন্ত্র প্রতিস্থাপনের অপেক্ষায় ছয় মাসের শিশু রোরি, মায়ের হৃদয়স্পর্শী আবেদন

35

সাইফ হাসান: ইংল্যান্ডের চেশায়ারের ছয় মাস বয়সী শিশু রোরি ফ্লেচার জন্মের পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন। জন্মের পরপরই ধরা পড়ে তাঁর ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হৃদযন্ত্র সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না। বর্তমানে নিউক্যাসলের ফ্রিম্যান হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। কৃত্রিম হার্ট পাম্পের ওপর নির্ভর করেই চলছে তাঁর জীবন। অভিভাবকরা এখন মরিয়া হয়ে অপেক্ষা করছেন হৃদযন্ত্র দানের জন্য।

রোরির মা বেকস ফ্লেচার জানান, মেয়ের জন্য নতুন একটি হৃদযন্ত্র পাওয়া তাঁদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি হবে। তিনি বলেন, কেউ সন্তান হারানো কতটা ভয়াবহ তা ভাষায় বোঝানো যায় না, তবে যদি সেই শোক থেকে আরেক পরিবারের জীবন বাঁচে, সেটাই হবে ইতিবাচক দিক।

৩১ বছর বয়সী বেকস প্রায় সারাদিন মেয়ের পাশে থাকেন। তিনি বলেন, রোরির অসুস্থতা তাঁদের পুরো পৃথিবী ওলটপালট করে দিয়েছে। একমাত্র আশা, দাতা পাওয়া গেলে তাঁরা মেয়েকে সুস্থ অবস্থায় ঘরে ফিরিয়ে নিতে পারবেন।

এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন প্রায় ৮ হাজার রোগী। গত এক দশকে ১২ হাজারেরও বেশি মানুষ অঙ্গ প্রতিস্থাপনের আগেই মৃত্যুবরণ করেছেন অথবা তালিকা থেকে বাদ পড়েছেন। এই পরিস্থিতিতে রোরির অভিভাবকরা আশা করছেন, তাঁদের সন্তানের জন্যও কেউ এগিয়ে আসবেন।