চিফ অব স্টাফকে স্বাস্থ্যমন্ত্রী করলেন জনসন

339

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অব স্টাফ স্টিভ বারক্লে। গতকাল মঙ্গলবার সাজিদ জাভিদের পদত্যাগের পর স্বাস্থ্যমন্ত্রী হলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের চিফ অব স্টাফকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ খবর নিশ্চিত করে।

স্টিভ বারক্লে ২০১০ সাল থেকে যুক্তরাজ্যের এমপি। ২০১৮ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁকে ব্রেক্সিটবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেন। ডেভিড ডেভিস পদত্যাগ করার পর এ দায়িত্ব পান তিনি। এর আগে ব্রিটিশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বারক্লে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগে সরকার রক্ষার চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিমধ্যে দুই মন্ত্রণালয়ে নতুন দুজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন তিনি। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এত দিন শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা ইরাকি বংশোদ্ভূত নাদিম জাহাবি।