আন্তর্জাতিক ডেস্ক: নির্ভয়ার পাঁচ বছর পরও ভারতে বন্ধ হয়নি ধর্ষণের ঘটনা। বরং নতুন নতুন পন্থা গ্রহণ করছে ধর্ষকরা। এসব পাষণ্ডদের হাত থেকে রক্ষা পাচ্ছে না দুধের শিশুরাও। এরই ধারাবাহিকতায় হরিয়ানা রাজ্যে ভয়াবহ গণধর্ষনে নিহত হয়েছে ছয় বছরের এক শিশু।
উকলানা এলাকার রাস্তার পাশের ছোট্ট ঝুপড়িতে থাকত শিশুটির দলিত পরিবারটি। গত শুক্রবার রাতে মা আর বোনের সঙ্গে শুয়ে পড়ে ছ’বছরের শিশুটি। পরদিন সকালে বাড়ি থেকে একটু দূরেই উদ্ধার হয় বাচ্চাটির দেহ। ময়না-তদন্তে জানা যায়, ধর্ষণের পরে শিশুটির যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এতে ফুটো হয়ে গিয়েছিল তার অন্ত্র ও জরায়ু। এতেই মারা যায় নিরীহ শিশুটি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। যতক্ষণ না খুনিরা ধরা পড়ছে ততক্ষণ শিশুটিকে দাহ করা হবে না বলে গো ধরেছিল তার পরিবার। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেয় পুলিশ।
তাদের আশ্বাস পাওয়ার পর রোববার রোববার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিশুটির শেষকৃত্য হয়। তবে এ ঘটনায় এখনও ধরা পরেনি কোনো অপরাধী।
সূত্র: আনন্দবাজার















