ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনে যাত্রার আগেই আজ শনিবার সকালে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। নিজেদের আটকের বিষয়টি আগেই হয়তো আঁচ করতে পেরেছেন দিপকেরা। তাই আজ শনিবার আটকের পরই প্রকাশিত এক ভিডিও বার্তায় দিপকে জানিয়ে দিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে অজিঙ্ক শিন্ডে রাজধানী নয়াদিল্লিতে পরবর্তী প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেবেন।
আজ শনিবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পরপরই ভেতর থেকেই দিপকে, সৌরভ ও রাঙ্কাকে আটক করে পুলিশ। দিল্লি পুলিশের একটি দল বিমানবন্দর থেকে তিনজনকে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে। পুলিশ সূত্র জানিয়েছে, তিনজনকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে।
দিপকে আটকের পরই ২০ সেকেন্ডের একটি মোবাইল ভিডিও বার্তায় তিনি জানান, সৌরভ দাস, রাঙ্কা ও তাঁকে আটক করা হয়েছে। এখন থেকে অজিঙ্ক আন্দোলন পরিচালনা করবেন।
সূত্র জানিয়েছে, ভিডিও বার্তায় দিপকে নিজেদের আটকের কথা বললেও ধারণা করা হচ্ছে, ভিডিওটি সম্ভবত আগেই রেকর্ড করা ছিল। এ বিষয়ে দলটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কে এই অজিঙ্ক শিন্ডে
মহারাষ্ট্র রাজ্যের আলীবাগের বাসিন্দা শিন্ডে আম আদমি পার্টির (আপ) সাবেক কর্মী। তিনি ২০১৬ সালে অনুষ্ঠিত গোয়া নির্বাচনে দলের হয়ে প্রচার চালিয়েছিলেন। পরে মহারাষ্ট্রে দলের হয়ে কাজ করেছিলেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনের পর আপ-এ যোগ দেওয়ার আগে শিন্ডে আইটি খাতে মোটা অঙ্কের বেতনের চাকরিও ছেড়ে দেন।
কম্পিউটার সায়েন্সে স্নাতক শিন্ডে পুনের একটি আইটি কোম্পানিতে কয়েক বছর কাজ করেছেন।
শিন্ডে সিজেপি গঠনের সূচনালগ্ন থেকেই দলটির সঙ্গে যুক্ত। গত জুন ও জুলাইয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লিতে আয়োজিত প্রতিবাদে অংশ নেন। এর পর থেকে তিনি দলের মূল কমিটির সদস্য হন। বর্তমানে শিন্ডে জাতীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদের ডাক দিয়েছে সিজেপি।
খবর অনুযায়ী, সকাল থেকে মধ্য দিল্লিতে যন্তর মন্তরের দিকে পদযাত্রার চেষ্টা করার সময় ২ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, মধ্য দিল্লিতে ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই এলাকার কোথাও প্রতিবাদ, বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি।















