উইলের বিরোধে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা, চিকিৎসক টমাস কওয়ানকে চিকিৎসার অযোগ্য ঘোষণা

49

সাইফ হাসান: যুক্তরাজ্যে এক চিকিৎসকের বিরুদ্ধে ভয়াবহ রায় দিয়েছে ট্রাইব্যুনাল। উত্তরাধিকার নিয়ে বিরোধে তিনি মায়ের সঙ্গীর প্রাণ নিতে চেয়েছিলেন বিষ ব্যবহার করে। আদালতে দোষ স্বীকারের পর তাকে ৩১ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। এখন মেডিকেল ট্রাইব্যুনাল বলছে, তিনি ডাক্তারি পেশার জন্য আর যোগ্য নন। কওয়ান এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেও পেশাগত মর্যাদাহানির দায় এড়াতে পারছেন না।

৫৪ বছর বয়সী টমাস কওয়ান সান্ডারল্যান্ডে চিকিৎসক হিসেবে কাজ করতেন এবং ইংলবি বারউইকে থাকতেন। ২০২৩ সালে নিউক্যাসেলে তিনি প্যাট্রিক ও’হারা নামে এক ব্যক্তিকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করেন। এজন্য তিনি মুখোশ পরে ভুয়া এনএইচএস চিঠি দিয়ে বাড়িতে প্রবেশ করেছিলেন। পরে ও’হারার হাতে ভয়াবহ সংক্রমণ হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের অংশ কেটে ফেলতে হয়।

মেডিকেল প্র্যাকটিশনার্স ট্রাইব্যুনাল সার্ভিসের রায়ে বলা হয়েছে, কওয়ান তার চিকিৎসা জ্ঞানকে অপরাধমূলক কাজে ব্যবহার করেছেন। এতে শুধু রোগীর জীবন ঝুঁকিতে পড়েনি, চিকিৎসক সমাজের সুনামও নষ্ট হয়েছে। ট্রাইব্যুনাল মনে করে, তিনি কোনো অনুতাপ দেখাননি বরং ভুক্তভোগীকেই দায়ী করার চেষ্টা করেছেন।

জেনারেল মেডিকেল কাউন্সিল (GMC) জানিয়েছে, কওয়ানের নাম মেডিকেল রেজিস্টার থেকে মুছে ফেলা উচিত। তাদের আইনজীবী বলেন, এত গুরুতর অপরাধের জন্য একমাত্র সঠিক শাস্তি হলো স্থায়ীভাবে চিকিৎসা পেশা থেকে বহিষ্কার।

ফ্রাঙ্কল্যান্ড কারাগার থেকে ফোনে যুক্ত হয়ে কওয়ান ট্রাইব্যুনালে বলেন, তিনি ভুক্তভোগী ও পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে তিনি তার সহকর্মী, পরিবার এবং যাদের ওপর এর প্রভাব পড়েছে সবার কাছে দুঃখ প্রকাশ করেন। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে, আর কোনোভাবেই তাকে ডাক্তার হিসেবে কাজ করার অনুমতি দেওয়া যাবে না।