সাইফ হাসান: যুক্তরাজ্যে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ডিসেম্বরে হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত অফিসার রিডিং থানায় কর্মরত ছিলেন। মামলার শুনানি হবে বৃহস্পতিবার। বিষয়টি থেমস ভ্যালি পুলিশ নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পুলিশ কনস্টেবল টমাস আরউইন ২০২৩ সালের ১৭ ডিসেম্বর মিল্টন কিন্সের প্রিমিয়ার ইন সেন্ট্রাল হোটেলে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। হোটেলটি শহরের এভবারি বুলেভার্ড এলাকায় অবস্থিত।
ঘটনাটি পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ২০২৪ সালের ১১ জুলাই। এরপর এক সপ্তাহের মধ্যেই আরউইনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে গত ২২ আগস্ট তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে দুই দফা ধর্ষণ এবং ১৩ বছরের বেশি বয়সী এক নারীকে জোরপূর্বক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। আগামী বৃহস্পতিবার লুটন ম্যাজিস্ট্রেটস কোর্টে তার প্রথম শুনানি অনুষ্ঠিত হবে।















