সাইফ হাসান: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সমবয়সী আরেক কিশোরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে মস সাইড এলাকার মন্টন স্ট্রিটে এই হত্যাকাণ্ড ঘটে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত অবস্থায় ওই কিশোরকে রাস্তায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকায় বেশ কয়েকজনের মধ্যে সংঘর্ষ হয় বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর পুরো এলাকায় সেকশন ৬০ আদেশ জারি করা হয়েছে, যার মাধ্যমে মঙ্গলবার বিকেল পর্যন্ত যেকোনো ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানোর ক্ষমতা পেয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া কিশোরকে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে নীল রঙের ফরেনসিক তাঁবু টানানো হয়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট ডেভিড মিনি বলেন, “এটি একটি দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। নিহতের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আমাদের সমবেদনা রইল। আমাদের বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের সহায়তায় কাজ করছেন।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় স্থানীয় সমাজে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, বিশেষত যারা সরাসরি এটি প্রত্যক্ষ করেছেন।”
পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য থাকলে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।















