লন্ডন আন্ডারগ্রাউন্ডে টানা পাঁচ দিনের ধর্মঘট, শহরে তীব্র ভোগান্তির আশঙ্কা

109

সাইফ হাসান: লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্মীরা আজ থেকে শুরু করেছেন পাঁচ দিনের ধর্মঘট। বেতন বৃদ্ধি ও কাজের সময় কমানোর দাবিতে এই কর্মসূচি চলছে। রবিবার বিকাল পর্যন্ত সীমিত সেবা দেওয়া হলেও সোমবার থেকে বৃহস্পতিবার প্রায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে টিউব। এলিজাবেথ লাইন ও ওভারগ্রাউন্ড চালু থাকলেও অতিরিক্ত ভিড় হচ্ছে। পরিবহন কর্তৃপক্ষ বলছে, ৩২ ঘণ্টার সপ্তাহ কার্যকর করা সম্ভব নয়।

রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন, তারা ‘ফ্যাটিগ ম্যানেজমেন্ট’ ও কাজের সময় ৩৫ ঘণ্টা থেকে কমিয়ে ৩২ ঘণ্টার দাবি তুলেছেন। অন্যদিকে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) ৩.৪% বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে সংস্থাটি বলছে, কাজের সময় কমানো বাস্তবসম্মত বা আর্থিকভাবে টেকসই নয়।

রবিবার বেকারলু ও সার্কেল লাইন সম্পূর্ণ বন্ধ থাকে। সেন্ট্রাল, মেট্রোপলিটান ও পিকাডিলি লাইন আংশিকভাবে চললেও পরিস্থিতি ছিল অস্বস্তিকর। সোমবার থেকে বৃহস্পতিবার আলাদা দিনে বিভিন্ন শাখার কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় টিউব সেবা প্রায় সম্পূর্ণ অচল থাকবে।

মঙ্গলবার ও বৃহস্পতিবার ডকল্যান্ডস লাইট রেলওয়ে (ডিএলআর) এর আলাদা বিরোধের কারণে কোনো সেবা থাকবে না বলে জানিয়েছে টিএফএল। ফলে শহরের গণপরিবহনে চাপ আরও বেড়ে যাবে। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল ৮টায় টিউব দেরিতে চালু হবে।

এই ধর্মঘটের কারণে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানও ব্যাহত হয়েছে। মার্কিন গায়ক পোস্ট ম্যালোন তার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের দুই দিনের কনসার্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। পরিবহন সংকটের কারণে আয়োজকরা ইভেন্ট লাইসেন্স পাননি।

টিএফএল বলছে, আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সর্বশেষ মার্চ ২০২৩ সালে টিউব নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়েছিল। গত বছর শেষ মুহূর্তে ৩০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়ে এমন এক ধর্মঘট বন্ধ করেছিলেন লন্ডনের মেয়র।