ঢাকা সংবাদদাতা: যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মসিউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভূত হওয়ায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
দুদকের একটি মামলায় মসিউর রহমানের ১০ বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর গত ২৫ অক্টোবর যশোরের আদালত তাকে কারাগারে পাঠান।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, মঙ্গলবার সকালে মসিউর রহমান বুকে ব্যথা অনুভব করেন। কারাগারের ডাক্তার তৌহিদুর রহমানকে বিষয়টি জানানো হয়। তিনি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মসিউরকে জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুপুরের দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ’তে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যশোর জেনারেল হাসাপতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা সাংবাদিকদের বলেন, ‘মসিউর রহমানের রক্তচাপ অত্যন্ত বেড়ে গেছে। এছাড়া তার হার্টেও সমস্যা রয়েছে।’
হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসক ডা. কাজল কান্তি দাঁ বলেন, ‘মসিউর রহমানের অবস্থা বর্তমানে স্থিতিশীল। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে দেওয়া হয়েছে। এর বেশি এখন কিছু বলা যাচ্ছে না।’















