জলবায়ু সংকটে ব্রিটেনের দুর্বল প্রতিক্রিয়া: স্ট্রাসবুর্গ আদালতে মামলা!

184

সাইফ হাসান: জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দুই ব্রিটিশ নাগরিকের। তারা এখন যুক্তরাজ্যের দুর্বল প্রতিক্রিয়ার বিরুদ্ধে ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালতে মামলা দায়ের করেছেন। ডাগ পলি এবং কেভিন জর্ডান নামে এই দুই ব্যক্তি বলছেন, তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যুক্তরাজ্যের জলবায়ু অভিযোজন নীতি ব্যর্থ হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

ডাগ পলি, যিনি একাধিক শারীরিক অক্ষমতায় ভুগছেন, বলেন, ক্রমবর্ধমান তাপমাত্রা তার জীবনে আরও কঠিন করে তুলেছে। তিনি বলেন, “আমি খুবই আশাবাদী যে ইউরোপীয় মানবাধিকার আদালত এই গুরুত্বপূর্ণ মামলাটি গ্রহণ করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দুর্বল অভিযোজন কর্মসূচি আমাদের হতাশ করেছে।”

অন্যদিকে, কেভিন জর্ডানের সমুদ্রতীরবর্তী বাড়ি ঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, “দেশজুড়ে লাখ লাখ বাড়ি জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে। কার্যকর অভিযোজন পরিকল্পনা না থাকলে আরও অনেকে ঝুঁকিতে পড়বে। আমি জলবায়ু পরিবর্তনের কারণে াড়ি হারানোর যন্ত্রণা জানি। আমি আরও ভালো নীতির জন্য লড়াই চালিয়ে যাব।”

২০২৩ সালে গৃহীত যুক্তরাজ্যের তৃতীয় জাতীয় অভিযোজন কর্মসূচি (ন্যাপ৩) তীব্র তাপ, বন্যা এবং উপকূলীয় ক্ষয় থেকে সম্প্রদায়কে রক্ষার জন্য সরকারের পরিকল্পনা নির্ধারণ করে। কিন্তু পলি, জর্ডান এবং পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থের দাবি, এই কর্মসূচি প্রান্তিক গোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করেনি এবং ঝুঁকি মূল্যায়নে ব্যর্থ হয়েছে।

তারা ন্যাপ৩-এর বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে বিচারিক পর্যালোচনার আবেদন করেছিলেন, কিন্তÁগত বছর হাইকোর্ট তাদের যুক্তি প্রত্যাখ্যান করে। মার্চ মাসে আপিল আদালতও তাদের আবেদন নাকচ করে দেয়। এখন তারা স্ট্রাসবুর্গের ইউরোপীয় মানবাধিকার আদালতের (ইসিএইচআর) দ্বারস্থ হয়েছেন।

তাদের পক্ষে শক্তি যোগাচ্ছে যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন কমিটির সাম্প্রতিক প্রতিবেদন। কমিটি জানিয়েছে, বন্যা, খরা এবং তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের বর্তমান প্রস্তুতি অপর্যাপ্ত।

যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ জানিয়েছে, চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তারা কোনো মন্তব্য করতে পারবে না।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian