নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

250

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর পর জীবনের অস্তিত্ব নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক বহু যুগ ধরেই চলছে। ধর্মীয় বিশ্বাসে বিষয়টি ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষক ডা. জেফরি লং মৃত্যুর পর জীবনের অস্তিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু গবেষণালব্ধ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মৃত্যুর পরও জীবন আছে। এতে কোনো সন্দেহ নেই।

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জেফরি লং শুধু ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেই নয়, মৃত্যুর পর জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণার জন্যও বিশেষ পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে গবেষণা করছেন। এই উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন’, যা মৃত্যুর কাছাকাছি অবস্থায় যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করে।

তার গবেষণায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫,২০০টি কেস স্টাডি অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে মৃত্যুর প্রান্ত থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার গল্প শুনে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। এই বিশদ গবেষণায় তিনি মৃত্যুর সময় মানুষের চেতনার অভিজ্ঞতা, দেহ থেকে চেতনার বিচ্ছিন্নতা এবং অনন্য মানসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেছেন। মৃত্যুর পর জীবনের সম্ভাবনা নিয়ে তার গবেষণার ফলাফল নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক ও দর্শনীয় অনুসন্ধানের পথ প্রশস্ত করেছে।