সিলেট সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে নিষেধ করলে দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে ইয়ামাহা শো-রুমের সামনে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।















