সিলেটে ছাত্রদল নেতার মৃত্যু নিয়ে রহস্য

304

সিলেট সংবাদদাতা: সিলেটে ছাত্রদল নেতা কামরুজ্জামান কামরুল (২৮) এর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কামরুলের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে কামরুলের শরীরের নীলাভ দাগ দেখে অনেকে তার স্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন।

জানা গেছে, কামরুল সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন । তিনি উপশহরের একটি মেসে থেকে ল কলেজে পড়াশোনা করতেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি মনারাই গ্রামে। গত শুক্রবার রাতে সাহরি খাওয়ার সময়ও কামরুজ্জামান স্বাভাবিক ছিলেন বলে তাঁর মেসের সদস্যরা জানিয়েছেন। গতকাল দুপুরে মেসের একজন বাড়ি যাওয়ার সময় কামরুজ্জামানকে বলতে তাঁর কক্ষে যান।

তখন তিনি কামরুজ্জামানের মুখে প্রচুর লালা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সব প্রক্রিয়া শেষ করে গতকাল রাত ১০টার দিকে কামরুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

সিলেট মহানগরের শাহপরান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।