নিরপেক্ষ নির্বাচন হলে আ. লীগ ক্ষমতায় আসতে পারবে না : ফখরুল

587

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা একক নির্বাচনের জন্য বিভিন্ন কৌশল করছে। কিন্তু আওয়ামী লীগ ফের এককভাবে নির্বাচন করলে দেশের জনগণ ও বিশ্ববাসী তা মেনে নেবে না। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে জনসচেতনতামূলক একটি বাইসাইকেল র‌্যালির উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। তাই আমাদের আন্দোলন ও সংগ্রাম করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা বলছি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যে নির্দলীয় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবে। আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
এ সময় বিএনপির মহাসচিব বলেন, যখন কোনো রাজনৈতিক দল কর্মসূচি দেয় সেখানে বিএনপি কোনো কর্মসূচি দেয় না। এটা বিএনপির রাজনৈতিক শিষ্টাচার। তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রংপুরের ঠাকুরপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার কথা জেনে আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছি।
বাইসাইকেল র‌্যালি শেষে ফখরুল স্থানীয় বড়বাড়ী মাঠে অনুষ্ঠিত শহীদ আবুল কাসেম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।