বৃহস্পতিবার নির্বাচনঃ শেষ হাসি কি কিয়ার স্টারমার হাসবেন?

172

ওয়ানবাংলানিউজ: ৪ মে, বৃহস্পতিবার ইংল্যান্ডের ২৩০টি কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই স্থানীয় সরকার নির্বাচনে ৮ হাজারের বেশী কাউন্সিলর পদে নির্বাচিত হবেন নতুন জনপ্রতিনিধি। দুই সপ্তাহ পর ১৮ মে নর্দার্ন আয়ারল্যান্ডের ১১টি কাউন্সিলে নির্বাচন হবে। স্কটল্যান্ড এবং ওয়েলসে কোনো নির্বাচন হবেনা। এই প্রথমবারের মতো ইংল্যান্ডের নির্বাচন ব্যবস্থায় নতুন একটি পরিবর্তন এনে ভোটারদের পরিচয়পত্র সাথে নিয়ে আসার বিধান করা হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডে অবশ্য এই নিয়ম আগেই চালু হয়েছে।

বুধবার কেন্টের জিলিংহ্যাম এলাকায় নির্বাচনী প্রচারণায় যোগ দেন লেবার নেতা কিয়ার স্টারমার এবং উপনেতা এঞ্জেলা রেইনার। বৃহস্পতিবারের নির্বাচনের ফলাফলে জানা যাবে, ইংল্যান্ডের অধিকাংশ কাউন্সিল কোন দলের নিয়ন্ত্রণে যায়। এই ফলাফল থেকে আরও একটা আভাস পাওয়া যাবে, লেবার নেতা কিয়ার স্টারমার আগামী বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার যোগ দেন প্রতারণা বিষয়ক এক সচেতনতা কার্যক্রমে। বৃহস্পতিবারের নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে প্রধানমন্ত্রীর দল কনজারভেটিভ। ১৩ বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তা এখন এমনিতেই কিছুটা পড়তির দিকে। বুধবার ঋষি সুনাক গিয়েছিলেন বাকিংহ্যামশায়ারের আমারশাম, যেখানে কোনো নির্বাচন হচ্ছেনা।

লিবারেল ডেমোক্রেটস দল চেষ্টা করছে, কনজারভেটিভ শিবিরে হানা দিয়ে তাদের আসনগুল জিতে নিতে। লিবডেম নেতা এড ডেভি বুধবার নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ইস্ট সাসেক্স এলাকায়।

গ্রিন পার্টি সাম্প্রতিক কিছু স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল অর্জন করেছে। বুধবার সাফোকের দলটি এভাবেই প্রচারণা চালিয়েছে। লেটার বক্স দিয়ে নির্বাচনের লিফলেট বিতরণই মুল ভরসা। গ্রিন পার্টির নির্বাচনী বার্তা এরকম।

বৃহস্পতিবারের নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্র এবং ভোট গণনা কেন্দ্রগুলো প্রস্তুত।