খেলাধুলা ডেস্ক: জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। টি-টোয়েন্টির জাঁকজমক এ আসরটি প্রথমবারের মতো সিলেটে উদ্বোধন হয়েছে। আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা পর্ব।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলা দুপুর একটায়। মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুশফিক-মিরাজের রাজশাহী কিংস। দ্বিতীয় খেলায় সন্ধ্যা ছয়টায় নাসির-সাব্বিরের সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। ম্যাচ দুটি সরাসরি দেখাবে গাজী টিভি (জিটিভি) ও মাছরাঙা টেলিভিশন।
দুই ম্যাচের একটি জয় পেয়েছে মাশরাফি-রুবেলদের দল রংপুর। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে এখনো একটি ম্যাচও জেতা সম্ভব হয়নি ড্যারেন স্যামির নেতৃত্বাধীন রাজশাহী।
টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা দুই ম্যাচ খেলে জিতেছে একটিতে। অন্যদিকে নাসির হোসেনের নেতৃত্বে সিলেট সিক্সার্স প্রথম তিনটি ম্যাচ জিতলেও শেষ ম্যাচে হেরেছে খুলনার বিপক্ষে।
উদ্বোধনী ম্যাচে সিলেটের মাঠে শক্তিশালী ঢাকাকে হারিয়ে চমক দেন তরুণ সিক্সার্সরা। এবার ঢাকার মাঠে নিজেদের সামর্থ্য বোঝানোর চেষ্টা করবেন তারা।
চার নভেম্বর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টির প্রথম পর্ব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করেছিল। ওই স্টেডিয়ামে আটটি ম্যাচ শেষ হয়েছে। টুর্নামেন্টে আটটি দলের মধ্যে সাতটি দল খেলেছে দুটি করে ম্যাচ। শুধু সিলেট খেলেছে চারটি ম্যাচ।
সিলেট পর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেটের উপুল থারাঙ্গা এবং সর্বোচ্চ উইকেট শিকারি লিয়াম প্লাঙ্কেট। সর্বোচ্চ প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন থারাঙ্গা (২বার)।















