কিশোরগঞ্জে খালে বাঁধ দেয়া নিয়ে সংঘর্ষে নিহত ৫

1133

ঢাকা সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে খালে বাঁধ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাইসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চারিগ্রামে সোলেমান ও পল্লব নামে দুই ব্যক্তির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে চারিগ্রাম বাজারের কাছের একটি খালে বাঁধ দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে তিন ভাইসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন চারিগ্রাম গ্রামের আব্দুল আজিজের ছেলে ফরগিস মিয়া, মাছুম, মাখন ও একই গ্রামের সুজন মিয়ার ছেলে রাজীব এবং মকবুল হোসেন। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। তাদেরকে মিঠামইনসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিষয় নিশ্চিত করেছেন।