ঢাকা সংবাদদাতা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন, মোহাম্মদ মিরাজ ও রুবেল শেখ।
বুধবার বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচরের কয়লারঘাট লবন ফ্যাক্টরি গলির তিনতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে প্রেরণ করে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে রুবেল নামে একজন আগেই মারা যান। তবে মিরাজকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আয়নাল হাওলাদার নামে মিরাজের মামা সম্পর্কের এক ব্যক্তি জানান, মিরাজের বাবার নাম আবুল কালাম। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। পরিবার নিয়ে তিনি ভাড়াবাসায় থাকতেন। এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতেন তিনি। তবে গতকাল তার বাবা-মা গ্রামের বাড়ি গিয়েছিলেন। তিনি বাসায় ছিলেন। রুবেল নামে ওই যুবকের বিষয়ে কিছুই জানা যায়নি।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কয়লার ঘাট এলাকায় একটি রুমে দুইজন থাকতো। তারা সম্পর্কে কী হয় এখনো জানা যায়নি। এদের মধ্যে একজনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আরেক জনকে হাসপাতালে পাঠানোর পর সেখানে মারা গেছে। তবে ধারণা করা হচ্ছে, দুইজন রাতে বিষাক্ত কিছু খেয়েছে। কারণ ওই রুমের মধ্যে বমির চিহ্ন পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।















