আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুইদিন প্রধানমন্ত্রীবিহীন পাকিস্তান। শনিবার দিবাগত মধ্যরাতের পর অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাত করার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আজই এ পদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে দেশটির পার্লামেন্ট। নতুন আলোচনা সবার মুখে মুখে- কে হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী! আজ স্থানীয় সময় বিকাল ২টায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার কথা পার্লামেন্টের। এক্ষেত্রে গতকালই সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরীফ এবং বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতৃত্বাধীন সরকারের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। ইমরান খানকে অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত করার অনেক আগে থেকেই আলোচনায় ছিলেন শাহবাজ শরীফ। বলা হচ্ছিল, ইমরান খানকে পদ থেকে সরিয়ে দিতে পারলে তাকে প্রধানমন্ত্রী করার পরিকল্পনা স্থির করেছে বিরোধীরা। শাহবাজ শরীফ মনোনয়নপত্র জমা দিয়ে বলেছেন, তার বড় ভাই ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলা চলবে দেশের আইন অনুযায়ী।
দুর্নীতির অভিযোগে জেল খেটে কয়েক বছর ধরে লন্ডনে চিকিৎসার নামে নির্বাসনে রয়েছেন নওয়াজ শরীফ। ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করা গেলে তাকে দেশে নিয়ে আসতে পারে অন্তর্বর্তী সরকার- এমন আলোচনা সব জায়গায়। এরই প্রেক্ষিতে শাহবাজ শরীফ ওই কথা বলেছেন। পার্লামেন্টের সেক্রেটারিয়েটে গতকাল মনোননয়নপত্র জমা দেয়ার সময় শাহবাজের সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি, সৈয়দ নাভিদ কমর, খুরশিদ আহমেদ শাহ, মোহসিন দাওয়ার ও অন্যরা। মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন, জাতীয় সম্প্রীতি রক্ষা করাই হবে তার শীর্ষ অগ্রাধিকার। অর্থনীতিকে সমৃদ্ধ করে জনগণকে স্বস্তি দেয়া হবে। তিনি নির্বাচিত হলে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে নতুন মন্ত্রিপরিষদ গঠন করবেন বলে জানান। বলেন, এই মন্ত্রিপরিষদ একটি নতুন যুগের সূচনা করবে। তারা দেশে সাংস্কৃতিক পারস্পরিক শ্রদ্ধাবোধকে সমুন্নত রাখবেন। পররাষ্ট্র নীতি সম্পর্কে শাহবাজ বলেন, তারা ভারতের সঙ্গে শান্তি চান। কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান না করে তা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।















