খেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচে জিতে ইতিমধ্যে ২-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগের ২ ম্যাচ জিতে ২০ পয়েন্ট পাওয়া দলটির চোখ এবার সিরিজের শেষ ম্যাচে। এ ম্যাচটি জিতে আফগানদের হোয়াইটওয়াশের সঙ্গে পূর্ণ ৩০ পয়েন্ট পেতে মরিয়া স্বাগতিকরা।
এদিকে সিরিজ হারা আফগানরা চাইবে এই ম্যাচটি জিতে ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে। সঙ্গে এ শেষ ম্যাচটি জিতলে তাদের নামের পাশেও যোগ হবে ১০ পয়েন্ট।
এরই মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের মাইলফলকও গড়েছে টাইগাররা। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে যা ৫ পয়েন্ট বেশি। শেষ ম্যাচে জিতলে তাই বাংলাদেশের পয়েন্ট হবে ১১০, যা বাকিদের চেয়ে বেশ এগিয়ে রাখবে তাদের। প্রতিটি ম্যাচ বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ।
১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে আফগানদের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের মিশন শুরু করে বাংলাদেশ দল। যেখানে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। একই সঙ্গে ইংল্যান্ডকে টপকে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের শীর্ষে উঠে গেছে। প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট এসেছে বাংলাদেশের ঝুলিতে।
সুপার লিগের পয়েন্টের মারপ্যাঁচেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা বিচার করা হবে। এজন্য সিরিজ জয় নিশ্চিত হলেও বাকি ১০ পয়েন্টও ছাড়তে নারাজ বাংলাদেশ দল। চলমান সিরিজের পর বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে খেলবে তিন ম্যাচের সিরিজ। স্থগিত করা সিরিজ খেলতে আগামী বছর শুরুর দিকে ইংল্যান্ড আসবে বাংলাদেশে। সামনের তিন সিরিজের অন্তত দুটোই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। এজন্য ১০ পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।
সিরিজের বাকি দুই ম্যাচের মতো শেষ ম্যাচটিও মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুই দলের মাঠের লড়াই শুরু হবে দুপুর ১১টায়। সরাসরি দেখাবে গাজী টিভি এবং টি স্পোর্টস।















