আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত কয়েক বছর ধরে চলতে পারে। এমনকি এই যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ডেকে আনতে পারে। রবিবার সংবাদমাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপকালে এমন সতর্ক বার্তা উচ্চারণ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধে ইউক্রেনীয় বাহিনীর সাহসিকতারও প্রশংসা করেন লিজ ট্রাস। বলেন, তাদের এমন প্রতিরোধ মস্কোর জন্য ‘অপ্রত্যাশিত’ ছিল। এই যুদ্ধ থেকে পুতিনের ‘পতনের সূচনা’ হতে পারে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জানি রাশিয়ার শক্তিশালী বাহিনী আছে। কিন্তু ইউক্রেনীয়রা সাহসী। তারা নিজেদের রক্ষা এবং লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। এটি পুতিনের জন্য শেষের শুরু হতে পারে।’
এদিকে বেলারুশকে রাশিয়ার অবৈধ আগ্রাসনের সহযোগী আখ্যায়িত করে দেশটিতে আলোচনার জন্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এর বদলে অন্য কোথাও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।















