বউ-শাশুড়ির ওয়ার্কআউট এনে দিলো এমবিই খেতাব

371

ওয়ানবাংলানিউজ: তিন সন্তানের মা লাভীনা মেহতা মাত্র কয়েক বছর হলো, পার্সোনাল ট্রেইনার হিসেবে কাজ করছেন। কিন্তু স্বল্প সময়ের এই কাজ দিয়েই তিনি জিতে নিয়েছেন রাণী দ্বিতীয় এলিজাবেথের দেয়া বার্ষিক খেতাব এমবিই। লকডাউন চলাকালে ইন্সটাগ্রামে ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করে লাভীনা মেহতা বিশেষ করে ব্রিটিশ-এশিয়ান কমিউনিটির মনোযোগ আকর্ষণ করেন। কিন্তু সময়ের সাথে সাথে তাঁর ভিডিওগুলো বিশ্বব্যাপী আবেদন সৃষ্টি করে।


২০২০ সালের মার্চ মাসে যখন জিমনেসিয়ামগুলো বন্ধ হয়ে যায়, লন্ডনের ওয়াটফোরডের বাসিন্দা লাভীনা তখন জিমের ভারী জিনিসের পরিবর্তে টয়লেট রল ব্যবহার করে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির বাগানে ওয়ার্ক আউট শুরু করেন।

এক পর্যায়ে লাভীনা অনলাইনে ওয়ার্ক আউটের দৃশ্য লাইভ স্ট্রীম করতে শুরু করেন। কিন্তু যখন তাঁর শাশুড়ি এসে তাঁর সাথে যোগ দেন, তখনই হয়ে যায় বাজিমাত। ব্রিটিশ এশিয়ান নানা বয়সের মানুষ তাঁকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করেন।

যদিও সকলের জন্য ওয়ার্ক আউটের প্রশিক্ষণ নিয়ে আসেন লাভীনা, তারপরও বিশেষভাবে নিজের কমিউনিটির মানুষকে লক্ষ্য করে তিনি তাঁর ওয়ার্ক আউটের পরিকল্পনা সাজান।

কাজের স্বীকৃতি হিসেবে রাণীর পক্ষ থেকে এমবিই খেতাব পেয়েছেন লাভীনা মেহতা।

আর এমবিই সনদ সংগ্রহ করার অনুষ্ঠানে তো আর জিমনেশিয়ামের পোশাকে যাওয়া যায়না; তাই ঐতিহ্যবাহী শাড়ী পরেই তিনি গিয়েছিলেন রাজকীয় সেই অনুষ্ঠানে।