প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লন্ডনে আওয়ামীলীগ বিএনপির হাতাহাতি : দুইজন গ্রেফতার

11016

ওয়ানবাংলানিউজ: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে মঙ্গলবার থেকে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবারের ন্যায় এবারো প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়ন করেছে লন্ডন মেট্রপলিটন পুলিশ। গত মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর অবস্থানকারী চ্যান্স্রিরিলেইনের ছেভয়ে হোটেলের বাইরে অবস্থান নিয়েছে দুই দলের নেতাকর্মীরা। এর মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি, ডিম নিক্ষেপ হয়েছে। দুই দলই পরস্পর বিরোধী মিছিল করে যাচ্ছে।

এদিকে বুধবার বিকেলে দুইদলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর মিছিলকে কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হলে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় উভয় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুইসবুক ভিডিওতে দেখাগেছে আওয়ামীলীগের সমর্থক শেখ শহিদ নামক নেতাকে মাটিতে শুইয়ে হাতকড়া পড়াচ্ছে পুলিশ। তবে যুক্তরাজ্য যুবদল নেতা আফজাল হোসেন বলেছেন, আত্মরক্ষা করতে গিয়ে গ্রেফতার হয়েছে সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন।

বিএনপি নেতারা জানিয়েছেন তারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবীতে এবং তাদের দৃষ্টিতে অবৈধভাবে ক্ষমতাদখলকারী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সহায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে তাদের এই আন্দোলন।

অন্যদিকে আওয়ামীলীগ নেতারা বলছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ও তাদের থাকার এবং খাবারের ব্যবস্থা করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতেই তারা এসেছেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আব্দুস ছোবহান গোলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার আব্দুস সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।