ওয়ানবাংলানিউজ: রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মীরা। নীরব গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে আহ্বান জানিয়েছেন তারা।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে রোববার এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে এবং গণহত্যা বন্ধের দাবিতে নানা শ্লোগান দিয়েছে। এসব দাবি সংবলিত ব্যানারও তাদের হাতে ছিল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে লন্ডনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এ সময়ে তারা রোহিঙ্গা গণহত্যা বন্ধ করো বলেও শ্লোগান দেয়।
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের গ্রামগুলোতে আগুন দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযান নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত বছরের অক্টোবর থেকে এ তৎপরতা শুরু করা হয়। গত মাসের ২৪ তারিখ থেকে এ তৎপরতা আরো প্রচণ্ড হয়ে ওঠে। এটি বন্ধের আন্তর্জাতিক দাবি উপেক্ষা করে অভিযানকে আরো জোরদার করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সরকার। যার জন্য দায়ী করা হচ্ছে এ সরকারের কার্যত সর্বময় ক্ষমতার অধিকারী নেতা অং সান সু চি’কে।















