মৌলভীবাজারে যৌন নির্যাতনের অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

795

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজার পৌরশহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে যৌন নিপীড়নের প্রেক্ষিতে গভর্নিং বডি এ সিদ্ধান্ত নেয়। রবিবার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ মোস্তাক আলীর স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং-ক/আ/হা/এন্ড/ক-৭২/২০১৭ তাকে বরখাস্ত করা হয়। গভর্নিং বডির সভাপতি এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী পৃথক পৃথক ভাবে অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির অভিযোগ লিখিত ভাবে সভাপতিকে জানান। অভিযোগে তারা বলেন, অধ্যক্ষ তাদেরকে নানা ধরনের শাস্তি বা পরীক্ষায় ফেল করানোর ভয় কিংবা পরীক্ষায় প্রশ্ন বলে দেয়া ও মোবাইলে ফ্লেক্সিলোড বা নগদ টাকার প্রলোভন দেখিয়ে তাদের সাথে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে সঙ্গম করেন। অধ্যক্ষের এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে তারা পরবর্তীতে বিষয়টি শ্রেণী শিক্ষক এবং অভিবাবকদের অবহিত করেন। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অধ্যক্ষের যৌন অডিও রেকর্ড ভাইরাল হয়। অভিযোগের প্রেক্ষিতে গত ২০১৬ সালের ৬ই ডিসেম্বর মো. আইয়ূব আলীকে অধ্যক্ষের দায়িত্ব পালন হইতে বিরত রাখা হয় এবং কেন তাকে অধ্যক্ষের আসন থেকে সাময়িক বরখাস্ত করা হবে না এর কারণ দর্শানোর জন্য তাকে সাতদিনের সময় দেয়া হয়।

পরবর্তীতে বিগত ২০শে ডিসেম্বর অধ্যক্ষের দেয়া বক্তব্য সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত হলে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহ্ আব্দুল ওয়াদুদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনে তিনি দোষী প্রমানিত হন এবং কলেজ গভর্নিং বডি তদন্ত কমিটি এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন। পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাকে আবারও সময় দেয়া হলে তার বক্তব্যে কমিটি সন্তুষ্ট না হওয়ায় চলতি মাসের গেল ২০শে আগষ্ট তাকে স্থায়ী বরখাস্তের আদেশ সিলেট শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়। এব্যাপারে কাশিনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ূব আলী রবিবার বিকেল বলেন, নীতিমালা বর্হিভূতভাবে গভর্নিং বডি আমাকে বরখাস্তের আদেশপত্র শিক্ষা বোর্ডে পাঠিয়েছে। চূড়ান্ত আদেশ শিক্ষা বোর্ড দিবে।