আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সাহায্য চায় যুক্তরাষ্ট্র

285

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় তালেবানদের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও তাতে খুব একটা লাভ হয়নি। মার্কিন সমর্থিত আফগান সরকারের সাথে তালেবানদের বিরোধ এখনও মেটেনি। এ কারণে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সাহায্য কামনা করল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার আফগানিস্তানের পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত মার্কিন প্রতিনিধি জালময় খলিলজাদ এবং মার্কিন মিশন কমান্ডার জেনারেল অস্টিন স্কট মিলার পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সাথে সাক্ষাৎ করেন। তারা শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। এ সময় বাজওয়া আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির প্রচেষ্টায় পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

এ বিষয়ে পাকিস্তানের মার্কিন দূতাবাসের দেয়া বিবৃতিতে বলা হয়, শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা একদিনের সফরে মঙ্গলবার ইসলামাবাদে যান। সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে বৈঠকে রাষ্ট্রদূত খলিলজাদ ও জেনারেল মিলার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আফগানিস্তানে টেকসই শান্তির জন্য চলমান প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের সামরিক নেতারা মার্কিন প্রচেষ্টার জন্য তাদের সমর্থনকে পুনরায় নিশ্চিত করেছেন এবং এই বিরোধে রাজনৈতিক সমাধানের জন্য এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি পুণরায় ব্যক্ত করেছেন।’

এর আগে, খলিলজাদ কাতারে গিয়েছিলেন তালেবানদের সাথে ফেব্রুয়ারির শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি বাস্তবায়নে ‘বর্তমান চ্যালেঞ্জ’ নিয়ে আলোচনার জন্য। তালেবান ও আফগান সরকারের মধ্যে প্রাথমিক বন্দি বিনিময়ের পরে এই ঘোষণা আসে যে খলিলজাদ শান্তির দিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে প্রশংসা করেছিলেন।

খলিলজাদ ১৩ এপ্রিল আফগান সরকার ও তালেবান উভয়পক্ষকে ‘যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন-তালেবান চুক্তিতে নির্দিষ্ট লক্ষ্যগুলি অর্জনের প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য’ তৎপরতার আহ্বান জানিয়েছিলেন এবং যোগ করেছিলেন যে কারনোভাইরাস প্রাদুর্ভাবের ফলে কারারুদ্ধদের জীবনের ঝুঁকির জন্য এই বিনিময় আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। সূত্র: দ্য নেশন, ডিপিএ ইন্টারন্যাশনাল।