মধ্যপ্রাচ্যে বিক্রির জন্য’ ব্রিটিশ মডেলকে অপহরণ করা হয়েছিল

1203

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের এক মডেল ক্লো অ্যালিংয়ের আইনজীবী বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘যৌনদাসী’ হিসেবে বিক্রির জন্য হয়তো ইতালির মিলান শহর থেকে মিস অ্যালিংকে অপহরণ করা হয়েছিল।
আইনজীবী ফ্রান্সেসকো পেসকি বিবিসিকে জানিয়েছেন, ২০ বছর বয়সী ক্লো অ্যালিং বন্দি থাকা অবস্থায় কী আচরণ করেছেন, কী ভেবেছেন।
দুদিন আগেই ইতালির পুলিশ ব্রিটেনের এই মডেলকে উদ্ধার করে জানায় যে অপরাধীরা তাকে অনলাইনে নিলামে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করেছিল। ওই মডেল একটি ফটো শুটে অংশ নেয়ার জন্য মিলানে গিয়েছিলেন।

উদ্ধারের পর মিস অ্যালিং বলেছেন তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।
‘ব্ল্যাক ডেথ’ নামে একটি গ্রুপ ব্রিটিশ এই মডেলকে অপহরণ করে ছয়দিন আটকে রাখে। মিলানের উদ্দেশ্যে বাড়ি ছাড়ার ২৬ দিন পর রোববার নিজ বাড়িতে ফিরেছেন ক্লো অ্যালিং।
মিস অ্যালিংকে উদ্ধারের পর ইতালির পুলিশ জানিয়েছিল, মিলানে নামার পরই দু’ব্যক্তি ঐ মহিলাকে আক্রমণ করে এবং নেশার ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে।
এরপর একটি ব্যাগের ভেতর ঢুকিয়ে তাকে গাড়ির বুটে তোলা হয় এবং টুরিন শহরের কাছে এক জায়গায় নিয়ে যাওয়া হয়।

ইতালির পুলিশ এই অপহরণের জন্য লুকাস হেরবা নামে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

পুলিশের তদন্ত বিভাগ বলছে, অপহরণকারীরা বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে নারীদের অনলাইনে নিলামে তোলে। সাইটগুলিতে প্রতিটি নারীর ছবির সাথে তাদের বর্ণনা এবং প্রাথমিক মূল্য দেয়া ছিল।
তবে ছবিতে দেয়া নারীদের সবাইকে একই ব্যক্তিরা অপহরণ করেছে কি না, তা এখনও জানা সম্ভব হয়নি বলে মিলান পুলিশ বলছে।
কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা জানিয়েছে যে তারা ‘ব্ল্যাক ডেথ গ্রুপ’ নামে একটি অপরাধী চক্রের সদস্য যাদের মূল ব্যবসা হচ্ছে নারী পাচার।
আইনজীবী মি: পেসকি জানাচ্ছেন যে তাঁর ‘মক্কলেক মধ্যপ্রাচ্যে যৌনকর্মের জন্য কারো কাছে বিক্রির পরিকল্পনা করছিল অপহরণকারীরা’।

ওই মডেলকে যেভাবে ব্যাগের ভেতর ঢোকানো হয় তা দেখাচ্ছেন ইতালীয় পুলিশের একজন কর্মকর্তা

মিস অ্যালিং অপহরণকারীদের সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন কারণ তাঁকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল।
ঐ মডেলকে যেভাবে ব্যাগের ভেতর ঢোকানো হয় তা দেখাচ্ছেন ইতালীয় পুলিশের একজন কর্মকর্তা

“তাঁকে বলা হয়েছিল আশেপাশে অনেকে তাঁর গতিবিধি নজরে রাখছে। যদি পালানোর চেষ্টা করে বা কোনো চালাকি করে তাহলে তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত তারা” বলেন মি: পেসকি।
“তাই তিনি ভাবলেন অপহরণকারীদের সঙ্গে যাওয়াই হবে সবচেয়ে ভালো কাজ। অপহরণকারী এক ব্যক্তি মিস অ্যালিংকে বলেছিল যে সে তাঁকে মুক্ত করতে চায় তা যেভাবেই হোক”।
মিস অ্যালিং ওই ঘটনাকে জীবনের ‘ভয়াবহ অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করে বলেছেন,প্রত্যেক মুহুর্তে তিনি তাঁর জীবন নিয়ে শঙ্কার মধ্যে ছিলেন।

“আমি ইতালি ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, তাদের কারণেই আমি নিরাপদে বেঁচে ফিরেছি” বলেছেন ব্রিটিশ মডেল ক্লো অ্যালিং।
এই ঘটনাটি নিয়ে ইতালি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যে যৌথভাবে তদন্ত চলছে।
সূত্র বিবিসি