আন্তর্জাতিক ডেস্ক: আবারো বৃটিশ নাগরিকদের ঢাকা ছাড়ার ওপর তাগিদ দিয়েছে সেদেশের সরকার। নিয়মিত ভ্রমণ সতর্কতায় তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে, ঢাকা থেকে বৃটেনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এ ঘোষণা কার্যকর হচ্ছে আজ ৩০ মার্চ থেকে। এর অর্থ হলো ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারগামী বিমান বাংলাদেশের সর্বশেষ ফ্লাইট ২৯ শে মার্চ ছেড়ে গেছে। ওই ভ্রমণ সতর্কতায় আরো বলা হয়েছে, চায়না সাউদার্ন এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এখনও সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। তবে তা শুধু চীনা নাগরিকদের জন্য। এ অবস্থায় ঢাকাস্থ বৃটিশ হাই কমিশন নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছে টুইটার ও ফেসবুকে। তাতে কিভাবে বৃটিশ নাগরিকরা বাংলাদেশ ছাড়তে পারবেন সে বিষয়ে সর্বশেষ তথ্য দেয়া হচ্ছে।
ওদিকে বাংলাদেশে অবস্থানরত বৃটিশ নাগরিকরা যাতে যতটা দ্রুত সম্ভব সময়ের মধ্যে দেশে ফিরে যেতে পারেন তা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে বৃটিশ সরকার। বৃটিশ নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, যদি আপনি এ সময়ে বাংলাদেশ ছাড়তে না পারেন তাহলে স্থানীয় কর্তৃপক্ষের উপদেশ অনুসরণ করুন। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখুন। ভ্রমণ সংক্রান্ত পরামর্শ অনুসরণ অব্যাহত রাখুন।















