ইতালির সেনাপ্রধান করোনাভাইরাসে আক্রান্ত

687

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির সেনাপ্রধান সালভেতর ফারিনার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে তাকে তার নিজ বাড়িতে অন্তত দুই সপ্তাহের জন্য আলাদা থাকতে হচ্ছে।

জেনারেল ফারিনা রোববার অসুস্থবোধ করলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে।

পরে চিকিৎসকদের পরামর্শে অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলতে তিনি ১৪ দিন তার বাড়িতে একা থাকার সিদ্ধান্ত নেন। খবর আরটির।

সালভেতর ফারিনা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এরই মধ্যে দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। ফারিনার অবর্তমানে জেনারেল বনাতো এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে এ ভাইরাস। দেশটির উত্তরাঞ্চলে ১ কোটি ৬০ লাখ বাসিন্দাকে এরই মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১৩৩ জন। সরকারি তথ্যানুযায়ী, এ ভাইরাসে এ পর্যন্ত ইতালিতে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।