হরতাল প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ: হানিফ

328

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ব্যর্থতা ঢাকতেই অগণতান্ত্রিক হরতাল আহ্বান করেছে বিএনপি। নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে হরতাল ডেকেছে তারা। তবে জনবিরোধী যে কোনো কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে আওয়ামী লীগ।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার বিএনপি হরতালের ডাক দেয়ায় শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি শুরু থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কৌশল নিয়েছে। সেই কৌশলের অংশ হিসেবে তারা এই হরতাল ডেকেছে। ঢাকাবাসী তাদের এই হরতাল কখনো মেনে নেবে না।

শনিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোটগ্রহণ, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। দুই সিটিতে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫৪ লাখ।

এর আগে সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন।