এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদ

522

ওয়ানবাংলানিউজ: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. সালেহ আহমেদ কে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আগামী ১ জানুয়ারি ২০২০ তারিখ থেকে শতবর্ষী কলেজটির ৪৭ তম অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. সালেহ আহমেদ দায়িত্ব পালন করবেন।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেওয়া প্রফেসর মো. সালেহ আহমেদ, চতুর্দশ বিসিএস পরিক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন। ১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে, এবং পরবর্তীতে আবারও পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।

পরবর্তীতে বিভিন্ন কলেজ ও সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ২০১৭ সালের অক্টোবরে সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সেখানে প্রায় ৬ মাস দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ৭ এপ্রিল এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।