আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা মানেই জনমতের সংখ্যাগরিষ্ঠতা নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর এটি যে সংখ্যাগরিষ্ঠ সরকারের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে তা-ও স্মরণ করিয়ে দিলেন তিনি।
সোমবার দিল্লিতে অটলবিহারী বাজপেয়ী স্মারক বক্তৃতায় প্রণব বলেন, নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার গড়ার অধিকার দেয়। কিন্তু মনে রাখতে হবে, সেটা জনমতের গরিষ্ঠতা নয়।
তিনি বলেন, আজ পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এ দেশে কোনও সরকার ক্ষমতায় আসেনি। ফলে সবাইকে সঙ্গে নিয়ে চলাই তার ধর্ম। যখনই এর ব্যতিক্রম হয়েছে, নির্বাচক জনতাই তার সমুচিত জবাব দিয়েছে।
নাগপুরে সঙ্ঘের সদর দপ্তরে প্রণব মুখার্জির যাওয়া নিয়ে এর আগে বিতর্ক বেঁধেছিল। এদিন অনেকেই মনে করছেন, নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের আবহে সংখ্যাগুরুবাদের প্রসঙ্গ তুলে প্রণব মুখার্জি পরোক্ষভাকে মোদি সরকারকেই নিশানা করলেন।
ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমাদের ১২ লাখ ৬৯ হাজার ২১৯ বর্গমাইলের দেশ, ১২২টি ভাষা এবং তার ১৬০০ কথ্য রূপের দেশ। অটলজি এই বাস্তবকে মেনে চলতেন। বিরোধীদেরও সঙ্গে নিতেন।















