প্রথমবারের মতো আফগানিস্তান সফরে ট্রাম্প

360

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হঠাৎ করেই আফগানিস্তানে অঘোষিত সফরে গেছেন। দেশটিতে এটিই ট্রাম্পের প্রথম সফর। আফগানিস্তানে সফরের সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও তালেবান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানে বাগরাম বিমানঘাঁটিতে গিয়ে ট্রাম্প বলেন, তালেবানরা চুক্তি করতে চায়। সেখানে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও দেখা করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ সময় ট্রাম্প আরো জানান, আফগানিস্তান থেকে ক্রমান্বয়ে সেনা সংখ্যা কমিয়ে আনা হবে।

বর্তমানে দেশটিতে মাত্র ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই সংখ্যা ৮ হাজার ৬০০ তে নামিয়ে আনার পরিকল্পনা করছেন ট্রাম্প। তবে ঠিক কীভাবে এবং কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (তালেবান) সঙ্গে দেখা করছি এবং যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আগে তারা রাজি ছিলো না। তবে এখন তারা রাজি। আমার মনে হয় এবার ফলপ্রসূ আলোচনা হবে।’

তবে তালেবানদের সঙ্গে চুক্তি স্বাক্ষরে কবে নাগাদ আলোচনা শুরু হবে এটি স্পষ্ট নয়।

আফগানিস্তান অনেকদিন ধরেই তালেবানদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় বসতে নারাজ তালেবান। গোষ্ঠীটির সিনিয়র নেতারাও নিশ্চিত করে বলেন দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা চলছে।