মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

293

ঢাকা সংবাদদাতা: বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল রায়ের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামের জুয়েল প্যাদা (৪২) ২০১৭ সালের ২৫ মে টাইগার নামক কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞান করে তার ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে।

ওইদিন কিশোরীর মা সাবিনা বেগম ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল। ঘটনার তিন দিন পরে ২৮ মে কিশোরীর নানা আবদুল হামিদ কাজী বাদী হয়ে জুয়েল প্যাদাকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা করেন।

তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। রায় ঘোষণার সময় আসামি জুয়েল প্যাদা আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট আশরাফুল আলম। আসামিপক্ষে ছিলেন আ্যাডভোকেট হুমায়ুন কবির।