ফের ৯ দিনের রিমান্ডে জি কে শামীম

255

ঢাকা সংবাদদাতা: ফের যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম শুনানি শেষে মানি লন্ডারিং মামলায় পাঁচদিন ও অস্ত্র মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এসময় গুলশান থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

এর আগে ২৬ সেপ্টেম্বর জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীকে গুলশান থানায় মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার সাত দেহরক্ষীকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখান।

এদিকে টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে গত ২০ সেপ্টেম্বর যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র‍্যাব। পরদিন তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।