ঢাকা সংবাদদাতা: রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম তৌহিদ (৩৫)।
বুধবার দিনগত রাত ২টার দিকে খিলগাঁও থানার নাগদাড়পাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার এসআই রুহুল আমিন জানান, দিনগত রাত ২টার দিকে নাগদাড়পাড় বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদের সঙ্গে ডিবি পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে তৌহিদ গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তৌহিদকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বুকে ও পিঠে গুলি লাগে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।















