আমেরিকায় রোবটিক্স প্রতিযোগিতা থেকে ৬ বুরুন্ডি কিশোর-কিশোরী নিখোঁজ

555

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় অনুষ্ঠিত রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নেয়া পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির ৬ কিশোর-কিশোরী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথম গ্লোবাল চ্যালেঞ্জ প্রতিযোগিতা চলার সময় ১৬ থেকে ১৮ বছরের ৪ কিশোর ও ২ কিশোরী নিখোঁজ হন। খবর বিবিসির।

নিখোঁজরা হলেন- ডন ইঙ্গাবিরে(১৬), কেভিন স্যাবামুকিজা(১৭), নাইস মুনেজেরো(১৭), অড্রে মাওয়ামিকাজি(১৭), রিচার্ড ইরাকজ(১৮) ও অ্যারিস্টাইড ইরাম্বোনা(১৮)।

ওয়াশিংটন ডিসি পুলিশ ডিপার্টমেন্ট বলছে, মঙ্গলবার প্রতিযোগিতার শেষ দিনে তাদেরকে শেষ বারের মতো দেখা গিয়েছিল।

নিখোঁজ কিশোরদের দু’জন কানাডায় চলে গেছেন বলে খবরে বলা হলেও পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

পুলিশের পক্ষ থেকে ওইদিনই টুইটার বার্তায় নিখোঁজ কিশোর-কিশোরীদের ব্যাপারে কোনো তথ্য জানা থাকলে তা তাদেরকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিযোগিতার আয়োজকরা বলছেন, বুরুন্ডি দলের সুপারভাইজার ওই ৬ সদস্যের নিখোঁজের বিষয়টি জানানো মাত্রই তারা বিষয়টি পুলিশ জানায়।

তিন দিনের রোবোটিক্স প্রতিযোগিতায় ১৫০টি দেশ অংশ নেয়। কর্মজীবনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের গুরুত্ব তৈরি করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর আগে আফগানিস্তান থেকে মেয়েদের একটি দলকে প্রাথমিকভাবে ভিসা সমস্যার কারণে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছিল না বলে খবর প্রকাশিত হয়। তবে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে শেষ মুহূর্তে আফগান মেয়েরা প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম হন।