ঢাকা সংবাদদাতা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এসব দুর্নীতি এক ধরনের ক্ষমতার অপব্যবহার। যে যেভাবে পারছে এসব করছে। জবাবদিহিতা থাকছে না।
সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ খাতে ক্রয়, নিয়োগ ও প্রকল্প বাস্তবায়নে নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কাগজের সঙ্গে বাস্তব কাজের মিল নেই। উন্নয়নের নামে এসব লুটপাট করে পরে চলে ভাগ-বাটোয়ারা। এ দুর্নীতিগুলো কঠিন হস্তে দমন না করা গেলে এ থেকে উত্তোরণ খুব কঠিন হয়ে যাবে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। যে দুর্নীতিগুলো দেখা যাচ্ছে হয়তো আমরা সেগুলোই দেখছি এর বাইরেও খোঁজ নিয়ে দেখা যাবে এর চেয়ে বড় দুর্নীতি হচ্ছে। ফলে আমাদের প্রবৃদ্ধির হার অনেক কমে যাচ্ছে। অথচ দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রাষ্ট্রের সব অর্গান যদি সঠিকভাবে কাজ করে তাহলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে।















